সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে ডারউইন টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত আক্রমণের পর ব্যাটারদের দৃঢ়তায় দিন শেষে স্বাগতিকদের চেয়ে ১০২ রানে পিছিয়ে থাকলেও হাতে রয়েছে ৯ উইকেট। অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ১ম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯৬ রান।
ডারউইনের মারারা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তবে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের পেস তোপে ৭৪ রানেই ৪ উইকেট হারায় তারা। স্টিভেন স্মিথ ৭১ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ৫৩ ওভারে ১৯৮ রানে অলআউট হয় অজিরা। ৫৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং উপহার দেন হাসান মাহমুদ। বাকি ৪টি উইকেট ভাগ করে নেন তাসকিন ও ইবাদত। টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয়বার, যেখানে প্রতিপক্ষের ১০টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের পেসাররা।
জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে সাদমান ইসলাম ২০ রান করে মিচেল স্টার্কের শিকার হলেও দিন শেষে কোনো বিপদ ঘটতে দেননি মুমিনুল হক ও তানজিদ হাসান তামিম। দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৬০ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন তারা। মুমিনুল ৩৫ ও তানজিদ ৩২ রানে অপরাজিত আছেন।