সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। এস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান খালেদা জিয়া দেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর প্রয়াণের পর এটিই তাঁর প্রথম জন্মদিন।
বিগত কয়েক বছরের মতো এবারও দিনটি ঘিরে কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন থাকছে না। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ কেন্দ্রীয়ভাবে বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দল ও অঙ্গসংগঠনের কার্যালয় এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া বিকেলে ঢাকার মহাখালী কড়াইল বস্তি এলাকায় দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংগ্রাম ও রাজনৈতিক বর্ণাঢ্য জীবন:
১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতিতে যুক্ত হন গৃহবধূ খালেদা জিয়া। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি মোট তিন দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং সার্কের প্রথম নারী চেয়ারপারসন ছিলেন। নির্বাচনী রাজনীতিতেও তাঁর সাফল্য শতভাগ—পাঁচটি সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ২৩টি আসনের প্রতিটিতেই বিজয়ী হন তিনি।
কারাবাস ও চব্বিশের পটপরিবর্তন:
ওয়ান-ইলেভেনের সময় কারাবরণের পাশাপাশি ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতির মামলায় আবারও কারাবন্দি হন তিনি। পরবর্তীতে ২০২০ সালে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তিতে গুলশানের বাসায় থাকলেও উন্নত চিকিৎসার সুযোগ পাননি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট পূর্ণ মুক্তি পান তিনি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।