সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউইয়র্কের লং আইল্যান্ডের একটি পুলিশ একাডেমিতে দেওয়া বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, তেহরানকে পরাজিত করার পর খুব শিগগিরই এই আন্তর্জাতিক জলপথটিকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করা হবে। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই এলাকাটিতে অবরোধ বজায় রেখেছে এবং ওয়াশিংটনের অনুমতি ছাড়া কোনো জাহাজ সেখান দিয়ে চলাচল করতে পারবে না।
এদিকে ট্রাম্পের এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানিয়েছেন, ওয়াশিংটনের কোনো হুমকি বা শক্তি প্রদর্শনে ইরান ভীত নয়। হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখার পূর্ণ কর্তৃত্ব কেবল ইরানের হাতেই রয়েছে।