রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

লোডশেডিং নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

লোডশেডিং নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে চলমান লোডশেডিং ও গ্যাস সংকটের কারণে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই গ্যাস সংকটের সমাধান হবে এবং বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীতে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, সংকট মোকাবিলায় দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে চীন ও মালয়েশিয়ার সঙ্গে আলোচনা চলছে। অন্তর্বর্তী সরকার এলএনজি টার্মিনাল নির্মাণ স্থগিত করায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিরোধীদের কাছে ৩ থেকে ৬ মাসের মধ্যে সংকট সমাধানের কার্যকর কোনো পরিকল্পনা থাকলে সরকার তা সাদরে গ্রহণ করবে।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, মেগাপ্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বিদ্যুৎ খাতে বিপুল দেনা রেখে যাওয়ায় আজকের এই ভোগান্তি। নিজস্ব কূপ খনন না করে গ্যাস খাতকে পরনির্ভরশীল করা হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন।

সরকারের বয়স মাত্র ছয় মাস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। উসকানি ও ভাঙচুরের রাজনীতি পরিহার করে দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মশক্তিতে রূপান্তরের মাধ্যমে দেশ গড়ার আহ্বান জানান তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com