রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। শনিবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে এই চার নেতাকে স্থায়ী কমিটিতে মনোনীত করা হয়েছে। নতুন অন্তর্ভুক্তদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন। আমান উল্লাহ আমান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ডা. ফরহাদ হালিম একই ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্বরত। উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিলের পর স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছিল। পরবর্তীতে সদস্যদের প্রয়াণ ও পদত্যাগের ফলে শূন্য হওয়া পদগুলোতে বিভিন্ন সময়ে নতুন মুখ যুক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় এবার একসঙ্গে চার শীর্ষ নেতাকে স্থায়ী কমিটিতে আনা হলো।