বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘মহিলা বাস’ (পিংক বাস) সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন নারীরা।
মঙ্গলবার তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং গণপরিবহনে নারীদের অংশগ্রহণ ও নিরাপত্তা বাড়াতে নারী চালক ও কন্ডাক্টর পরিচালিত এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার মোট ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করবে। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি, চট্টগ্রামে ১টি রুটে ২টি এবং বগুড়ায় ২টি রুটে ২টি বাস পরিচালিত হবে। ভবিষ্যতে বাসের সংখ্যা ও রুটের পরিধি আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।
বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।