মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
অস্ট্রেলিয়া সফরের মিশ্র অভিজ্ঞতার মধ্যেও বড় সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ টেস্ট দলীয় র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে প্রথমবারের মতো ইতিহাসে ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা।
রবিবার প্রকাশিত হালনাগাদ র্যাঙ্কিংয়ে নাজমুল হোসেন শান্তর দলের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮-এ। সিরিজ শুরুর আগে ৭৩ রেটিং নিয়ে বাংলাদেশ ছিল নবম স্থানে। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় এই অর্জনের মূল ভিত্তি তৈরি করে। দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারলেও ১-১ ব্যবধানে সিরিজ ড্র হওয়ায় রেটিং বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ।
বর্তমানে শ্রীলঙ্কা (৭৬), পাকিস্তান (৭৫) ও ওয়েস্ট ইন্ডিজ (৭৪)-কে পেছনে ফেলেছে টাইগাররা। র্যাঙ্কিংয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও শক্ত অবস্থানে রয়েছে দল; ৬ ম্যাচে ৪০ পয়েন্ট ও ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন চতুর্থ স্থানে। ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ড সিরিজে ভালো ফল করতে পারলে র্যাঙ্কিংয়ে আরও ওপরে ওঠার দারুণ সুযোগ রয়েছে শান্তদের সামনে।