সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ভারতের মহারাষ্ট্রের আমরাবতী জেলা মহিলা হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এসএনসিইউ) ভেন্টিলেটর বিস্ফোরণ থেকে লাগা আগুনে ৩ নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ধোঁয়া ও তাপে আরও ছয় শিশুর অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালের চারতলায় এসএনসিইউ ইউনিটের সামনে থাকা একটি ভেন্টিলেটরে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন শিশুদের বিশেষ ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। ওই সময় কক্ষটিতে মোট ৩৯ জন নবজাতক চিকিৎসাধীন ছিল।
অগ্নিকাণ্ডের পরপরই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধারকাজ শুরু করেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া আশঙ্কাজনক ছয় শিশুকে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ এবং কারও কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।