বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রীয় সফরে চীন ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রবিবার (৩০ আগস্ট) বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষে তিনি এ আমন্ত্রণ জানান।
বৈঠকে রাষ্ট্রদূত জানান, চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) প্রায় ৩০টি চীনা প্রতিষ্ঠান আনুমানিক ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে, যার মাধ্যমে দেশে প্রায় এক লাখ মানুষের নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে।
সাক্ষাতে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের ধারাবাহিকতায় মোংলা বন্দর আধুনিকায়ন, মোংলা ইপিজেড প্রতিষ্ঠা এবং তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে চীনে আম, কাঁঠাল ও পেয়ারা রপ্তানি বৃদ্ধি, সৌরশক্তি খাত, বৈদ্যুতিক যানবাহন সংযোজন এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।