বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে লা লিগায় দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মালাগাকে ৪-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে হোসে মরিনহোর দল ।
ম্যাচের প্রথমার্ধেই ১৯ থেকে ৩১ মিনিটের মধ্যে তিনটি গোল করে ম্যাচ একপ্রকার নিজেদের নিয়ন্ত্রণে নেয় রিয়াল। ১৯ মিনিটে বেলিংহামের একক নৈপুণ্যে প্রথম গোল পায় দল। ২৬ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হওয়ার পর ৩১ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের পাসে দুর্দান্ত ভলিতে স্কোর ৩-০ করেন এমবাপ্পে। এই গোলে চলতি আসরে সর্বোচ্চ চার গোল নিয়ে গোলদাতাদের তালিকায় শীর্ষে উঠলেন এই ফরাসি ফরোয়ার্ড । ম্যাচের শেষ মুহূর্তে ভিনিসিয়ুস জুনিয়রের সহায়তায় বদলি হিসেবে নামা আর্দা গুলের চতুর্থ গোলটি করেন।
চলতি মৌসুমে এটিই রিয়ালের প্রথম ক্লিন শিট (গোল হজম না করা) । পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে লিগের শুরুতেই পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করল মাদ্রিদ জায়ান্টরা।