মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে অংশ নিতে দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। চীনের গুয়াংজুতে সপ্তাহব্যাপী প্রস্তুতি ক্যাম্প শেষে শুক্রবার সকালে নাগোয়া বিমানবন্দরে পৌঁছান ঋতুপর্ণা-মনিকা চাকমারা। সেখানে গেমসের অ্যাক্রিডিটেশন কার্ড সক্রিয় করার আনুষ্ঠানিকতা সেরে দল ম্যাচ ভেন্যু ওসাকার উদ্দেশ্যে রওনা হয়।
আগামী ১৪ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে টুর্নামেন্ট শুরুর আগেই চোটের কারণে ছিটকে গেছেন ডিফেন্ডার নবীরন খাতুন। গুয়াংজুতে প্রস্তুতি ম্যাচে পাওয়া চোটের কারণে তিনি খেলতে পারছেন না। দলের সাথে তিনি জাপান গেলেও ঢাকা থেকে তার বিকল্প খেলোয়াড় পাঠানোর চেষ্টা করছে বাফুফে।
১৯৭৮ সাল থেকে নিয়মিত অংশ নিলেও এবার এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টে নেই বাংলাদেশের পুরুষ দল। তবে ২০২৩ সালে হাংজু এশিয়াডে অভিষেক হওয়া নারী দলের জন্য এটি দ্বিতীয় এশিয়ান গেমস মিশন।