বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান শুরুর পরই ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২৮ সেপ্টেম্বর) তাঁর পক্ষে আইনজীবী জহিরুল ইসলাম মুসা এই রিট আবেদনটি দায়ের করেন।
আবেদনে বলা হয়, ফৌজদারি বিচারব্যবস্থার স্বীকৃত নীতি ও সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা ব্যক্তিমর্যাদার অধিকার লঙ্ঘন করে এই ধরনের সংবাদ সম্মেলন করা হয়েছে। অনুসন্ধান শেষ হওয়ার আগেই গণমাধ্যমে ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা বলা আইনি এখতিয়ার বহির্ভূত এবং উদ্দেশ্যপ্রণোদিত। এতে আবেদনকারীর ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং তাঁকে ‘মিডিয়া ট্রায়াল’-এর মুখোমুখি করা হচ্ছে।
রিটে আরও উল্লেখ করা হয়, আসিফ মাহমুদ আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ার পর রাজনৈতিকভাবে তাঁকে হেয় করতেই এসব অসত্য অভিযোগ তোলা হয়েছে। অভিযোগের পেছনে থাকা পদোন্নতি ও বদলি বাণিজ্যের দাবি বাস্তবিকভাবে অসম্ভব ও ভিত্তিহীন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হাইকোর্টে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।