বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্রেমের সম্পর্কের পর বিয়ের মাত্র দুই মাসের মাথায় ফরিদপুরের ভাঙ্গায় রহস্যজনক মৃত্যু হয়েছে ১৫ বছর বয়সী কিশোরী লামিয়া আক্তারের। হাসপাতালে লামিয়ার লাশ ফেলে রেখে পালিয়ে গেছেন স্বামী রনি শেখ ও তাঁর পরিবারের সদস্যরা। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহত লামিয়া স্থানীয় মুনসুরাবাদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং হামিরদী ইউনিয়নের মহেশ্বরদি সাহাপাড়া গ্রামের লিটু মাতুব্বরের মেয়ে। পরিবার জানায়, গত ২০ জুলাই গ্যারেজ মিস্ত্রি রনি শেখের সঙ্গে পালিয়ে বিয়ে করে সে। সম্প্রতি দুই পরিবার মেনে নেওয়ার পর এক সপ্তাহ আগে তারা ভাড়া বাসায় সংসার শুরু করে। স্বজনদের অভিযোগ, ভাড়া বাসায় ওঠার পর থেকেই লামিয়াকে নির্যাতন করা হতো। নিহতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।