বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকেই প্রিয় নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া মোনাজাতে অংশ নিতে সেখানে জড়ো হন সংগঠনটির কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে চত্বরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় নেতাকর্মীরা ‘তারেক রহমানের জন্য বাংলাদেশ ধন্য’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে’ এবং ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’সহ নানা প্রতিবাদী ও উদ্দীপনামূলক স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় যুবদল আপসহীন ভূমিকা পালন করে আসছে। তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ।”

যুবদল কেন্দ্রীয় কমিটির যোগাযোগবিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু জানান, এই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিক উদযাপনের দিন নয়, বরং নতুন করে আন্দোলনের শপথ নেওয়ার দিন। মানুষের প্রত্যাশা পূরণে যুবদলের প্রতিটি কর্মী রাজপথে সক্রিয় থাকবে।

১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। গৌরবময় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি দুই দিনব্যাপী দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প। এছাড়া ২৭ ও ২৮ অক্টোবর দেশজুড়ে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ, আলোচনা সভা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং অসহায়-দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

বর্তমানে যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন নুরুল ইসলাম নয়ন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com