বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের পর এবার উচ্চকক্ষ সিনেটের পূর্ণ নিয়ন্ত্রণও পুনরুদ্ধার করেছে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি। এর মধ্য দিয়ে দেশটির সরকার পরিচালনা ও নীতি নির্ধারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একচ্ছত্র আধিপত্য ও নিয়ন্ত্রণে বড় ধরনের ধস নামল।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১০০ আসনের সিনেটে ডেমোক্র্যাটরা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পার করে ইতোমধ্যে ৫১টি আসন নিশ্চিত করেছে; বিপরীতে ক্ষমতাসীন রিপাবলিকানদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ৩৯টিতে। এবারের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকানদের কাছ থেকে এককভাবে ছয়টি গুরুত্বপূর্ণ আসন ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাট প্রার্থীরা। এখনো বাকি থাকা ১০টি আসনের ফলাফল ঘোষণার কাজ চলছে।
এর আগে প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নিয়ন্ত্রণও নিজেদের কবজায় ফিরিয়ে আনে ডেমোক্র্যাটরা। ফলে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই ট্রাম্প প্রশাসন বড় ধরনের আইনসভাভিত্তিক বাধার মুখে পড়ল।
উল্লেখ্য, মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের আগপর্যন্ত সিনেটে রিপাবলিকানদের আসন ছিল ৫৩টি এবং ডেমোক্র্যাটদের আসন ছিল ৪৫টি (বাকি দুটি স্বতন্ত্র)। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে চমক দেখিয়ে সিনেটের দখল নিয়েছিল রিপাবলিকানরা। তবে সাম্প্রতিক জনমত জরিপগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস থাকলেও ব্যালট বাক্সে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন ভোটাররা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ মধ্যবর্তী নির্বাচনের রায় মূলত রিপাবলিকানদের সাম্প্রতিক শাসনব্যবস্থা এবং ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দুই বছরের নীতিমালার বিরুদ্ধে আমেরিকান জনগণের এক তীব্র ও প্রকাশ্য অনাস্থার প্রতিফলন।