বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের প্রভাবেই নির্বাচনে হার, স্বীকার করলেন ট্রাম্প

ইরান যুদ্ধের প্রভাবেই নির্বাচনে হার, স্বীকার করলেন ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির পরাজয় এবং কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পেছনে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের স্পষ্ট নেতিবাচক প্রভাব ছিল বলে প্রকাশ্যেই স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচনে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির বিপুল সাফল্যের পর কংগ্রেসের উভয় কক্ষ তাদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার প্রেক্ষাপটে ডেমোক্র্যাটদের আনা যেকোনো ‘অবাস্তব’ বিলে সরাসরি ভেটো দেওয়ার কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেন যে, ইরানের সঙ্গে শুরু হওয়া সামরিক সংঘাত রিপাবলিকান প্রার্থীদের নির্বাচনী ফলাফলে বিরূপ প্রভাব ফেলেছে। এ প্রসঙ্গে নিজের মূল্যায়ন তুলে ধরে ট্রাম্প বলেন, আমার মনে হয়, এই পরাজয়ের পেছনে একটি বড় অংশ ছিল ইরান। তবে একই সঙ্গে মানুষ এ-ও বুঝতে পেরেছে যে, ইরানের ব্যাপারে আমি যা পদক্ষেপ নিয়েছি তার গুরুত্ব কতটা অপরিসীম ছিল। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে চলেছে ডেমোক্র্যাটরা। ফলে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের আইন প্রণয়ন, বাজেট পাস ও নীতিগত সংস্কারের পরিকল্পনাগুলো বিরোধী দলের প্রবল প্রতিরোধের মুখে পড়ার জোরালো আশঙ্কা তৈরি হয়েছে।কংগ্রেসে ডেমোক্র্যাটদের সম্ভাব্য আধিপত্য মোকাবিলা প্রসঙ্গে ট্রাম্প সাফ জানান, বিরোধী দল যদি কোনো ‘পাগলামিপূর্ণ’ বা অযৌক্তিক বিল হোয়াইট হাউসে পাঠায়, তবে তিনি দ্বিধাহীনভাবে তাতে নিজের নির্বাহী ক্ষমতা (ভেটো) প্রয়োগ করবেন। ট্রাম্প বলেন, “তারা এমন সব উদ্ভট বিষয় প্রস্তাব হিসেবে পাঠাবে, যেগুলো আসলে পাগলামি ছাড়া কিছু নয়। আর আমি সেগুলোতে ভেটো দেব। এভাবে কয়েক মাস টানা ভেটো দেওয়ার পর তারা নিজেরাই আমাকে ফোন করে জানতে চাইবে, কীভাবে সমঝোতার মাধ্যমে কাজগুলো সম্পন্ন করা যায়। তখনই কেবল আমরা একসঙ্গে বসে কাজ করব।” নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির কারণ হিসেবে মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব মেনে নিলেও যুদ্ধ পরিচালনার নীতি থেকে ট্রাম্পের প্রশাসন সরে আসছে না বলেই বিশ্লেষণে উঠে এসেছে। বরং তাঁর দাবি, মার্কিন জাতীয় নিরাপত্তার স্বার্থেই ইরানের বিরুদ্ধে তিনি শক্ত অবস্থান নিয়েছেন এবং ভোটাররা ধীরে ধীরে এর সঠিক মূল্যায়ন করতে পারবেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com