মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে আগামী ৪ নভেম্বর থেকে তিন দিন টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। ফলে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। সরবরাহ কমে যাওয়ার কারণে এ সময়ে সারা দেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
রবিবার (১ নভেম্বর) পেট্রোবাংলার পক্ষ থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহেশখালীর অফশোর সামিট এলএনজি টার্মিনালের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে শুরু করে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত টানা রিগ্যাসিফিকেশন কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।
টার্মিনালটি বন্ধ থাকার সময় জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট কমে যাবে। স্বাভাবিক সময়ে যেখানে জাতীয় গ্রিডে ৯২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ থাকে, সেখানে সরবরাহ কমে দাঁড়াবে মাত্র ৬০০ মিলিয়ন ঘনফুটে। এই ঘাটতির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন শিল্প কারখানা, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহক পর্যায়ে গ্যাসের তীব্র স্বল্প চাপ অনুভূত হতে পারে।
পেট্রোবাংলা জানিয়েছে, গত বছরের ডিসেম্বরেও একইভাবে সামিট টার্মিনালের নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। রক্ষণাবেক্ষণ চলাকালীন সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।