মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ঘরের সৌন্দর্য ও সতেজতার ১০ ইনডোর প্ল্যান্ট: বিজ্ঞান কী বলে? ২০২৭ সালে ২৯ দিন সরকারি ছুটি, মন্ত্রিসভায় অনুমোদন বাড়ল অটোগ্যাসের দাম, রাত থেকেই কার্যকর নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান নেত্রকোনার ধনু নদে অবৈধ বালু তোলায় একজনের জরিমানা দুর্গাপুর ও কলমাকান্দা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ভারতীয় কম্বল ও রসুনের চালান জব্দ সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোনায় সাংবাদিকদের মানববন্ধন বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন, আহত স্ত্রী-মেয়ে স্থানীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন কারা, জানালেন রিজভী আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানালো অধিদপ্তর
আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, রাত ৮টা থেকেই কার্যকর

আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, রাত ৮টা থেকেই কার্যকর

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধির পাশাপাশি আমদানিকারক, ডিলার এবং খুচরা বিক্রেতাদের কমিশন সমন্বয় করায় এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কমিশন। নতুন এই মূল্য সোমবার রাত ৮টা থেকেই কার্যকর হয়েছে।

একই আদেশে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে সংস্থাটি। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে অটোগ্যাসের প্রতি লিটার দর ছিল ৭৩ টাকা ৯ পয়সা।

বিইআরসি জানায়, সরবরাহ চেইনের বিভিন্ন স্তরে কমিশন ও পরিচালন ব্যয় বাড়ানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারে আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ (প্লান্ট থেকে ডিস্ট্রিবিউটর পর্যন্ত পরিবহন খরচসহ) ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ টাকা ৭৬ পয়সা করা হয়েছে। এ ছাড়া ডিলারদের চার্জ ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতার কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকায় উন্নীত করা হয়েছে।

তবে বিইআরসির নির্ধারিত দর নিয়ে বাজারে অস্বস্তি কাটছে না। গত অক্টোবর মাসে ১২ কেজির দর ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হলেও বাস্তবে খোদ রাজধানীতেই প্রতিটি সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছিল।

মূলত সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই আন্তর্জাতিক বাজারের অস্থিরতার অজুহাতে আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দিলে বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এতে কোথাও কোথাও ১ হাজার ৫৮৫ টাকার গ্যাস সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। নতুন করে দাম বাড়ানোর ফলে প্রান্তিক ও সাধারণ গ্রাহকের ব্যয় আরও বাড়বে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com