বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণা জেলার কেন্দুয়ায় স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) সংগ্রহ করতে গিয়ে ৮ জন নারীর সোনার চেইন চুরির খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে রোববার (২০ অক্টোবর) দুপুরে, উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা উচ্চ বিদ্যালয়ে। সোনার চেইন হারিয়ে ক্ষতিগ্রস্ত নারীরা কান্নায় ভেঙে পড়েন, যা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন হারুলিয়া গ্রামের তিনজন নারী—মাহফুজা আক্তার, নাজমুন নাহার ও মর্জিনা।
মাহফুজা জানান, লাইনে দাঁড়িয়ে স্মার্ট কার্ড নেওয়ার পর তিনি শুনতে পান এক নারীর চেইন চুরি হয়েছে। নিজের গলায় হাত দিয়ে দেখেন, তারও চেইন নেই। একই ধরনের অভিজ্ঞতা হয়েছে নাজমুন ও মর্জিনারও।
তারা জানান, হিজাব পরা থাকার পরেও কীভাবে চেইন খোয়া গেল, তা বুঝতেই পারেননি।
এখন পর্যন্ত ৮ জন নারীর চেইন খোয়ার খবর পাওয়া গেলেও সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ অনেকেই বাড়ি ফিরে গিয়ে বুঝতে পেরেছেন যে তাদের চেইন চুরি হয়েছে।
নারীরা অভিযোগ করেন, তাৎক্ষণিকভাবে বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানানো হলেও তারা বিষয়টি গুরুত্ব দেননি। তাদের ধারণা, কোনও চোর বা প্রতারক চক্র এই চুরির ঘটনায় জড়িত থাকতে পারে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মোজাফরপুর ইউপির স্মার্ট কার্ড বিতরণের সময় গগডা উচ্চ বিদ্যালয়ে ধাক্কাধাক্কির মধ্যে কয়েকজন নারীর গলা থেকে সোনার চেইন খোয়া যায়। ক্ষতিগ্রস্ত নারীরা থানায় অভিযোগ জানালে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, তিনি এখনও এ সম্পর্কে কিছু জানেন না, তবে বিষয়টি খতিয়ে দেখবেন। নারীদের সতর্ক থাকার জন্য আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।