রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার দুর্গাপুরে মহান বিজয় দিবস উপলক্ষে পথ পাঠাগারের ১৯তম শাখার উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে ফিতা কেটে এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি তোবারক হোসেন খোকন, কবি লোকান্ত শাওন, সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওয়ালী হাসান, ডা. কামরুল ইসলাম, গুয়াহাটি হাইকোর্টের এডভোকেট জাহিদুল ইসলাম, শিক্ষক মাহাবুব, সাংবাদিক সুমন রায়, ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক মোজাম্মেল হক, তামীম টেলিকমের স্বত্বাধিকারী তাকদির হোসাইন, সংস্কৃতিকর্মী গোপাল দও, পথ পাঠাগারের সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম সজীব, কবি নির্মল রবিদাস, সাওার মিয়া এবং আরও অনেক বিশিষ্টজন।
পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার বলেন, “নতুন প্রজন্মসহ সর্বস্তরের মানুষকে বই পড়া এবং সাহিত্যচর্চায় উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ। আমরা পাঠাগারকে মানুষের কাছে নিয়ে আসার চেষ্টা করছি, যাতে পাঠক হাত বাড়ালেই বই পায়। তারা বই নিয়ে পড়বেন এবং সুযোগ থাকলে নিজের বাসার একটি বই রেখে যাবেন।”
তিনি এই কার্যক্রমে সবাইকে সহায়তা করার আহ্বান জানান।