মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম: যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রস্তুতির জবাবে কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ওয়াশিংটনের ‘অর্থনৈতিক যুদ্ধ’ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি দিয়ে কোনো দেশকে এক ফোঁটা তেলও রপ্তানি করতে দেওয়া হবে না।
সোমবার (২৪ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আজই ইরানের বাণিজ্যিক অংশীদারদের লক্ষ্য করে নজিরবিহীন নিষেধাজ্ঞার ঘোষণা দেবেন। তিনি একে শত্রুর বিরুদ্ধে ‘সবচেয়ে বড় আর্থিক অভিযান’ বলে উল্লেখ করেছেন।
যুক্তরাষ্ট্রের এই ঘোষণার মুখে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি সামাজিক মাধ্যমে বলেন, অর্থনৈতিক যুদ্ধ চলতে থাকলে কৌশলগত এই নৌপথগুলো দিয়ে তেল সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে ওয়াশিংটনের এমন পদক্ষেপে কোনো দেশ সহায়তা করলে তাকে সরাসরি ‘যুদ্ধের কর্মকাণ্ড’ হিসেবে গণ্য করা হবে।
দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও সংঘাতের কারণে ইরানের অর্থনীতি চরম চাপের মুখে থাকলেও দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখনও অটুট রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং তেলের বাজারে বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। সংঘাত নিরসনে সুইজারল্যান্ড, কাতার ও পাকিস্তানের পক্ষ থেকে কূটনৈতিক মধ্যস্থতার চেষ্টা চলছে।