মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিস্তারিত ঘোষণার আগে এশিয়ার বাজারে জ্বালানি তেলের দামে পতন দেখা গেছে। ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা গভীর নজর রাখায় সোমবার (২৪ আগস্ট) লেনদেনের শুরুতেই বাজারে এই নিম্নমুখী প্রবণতা তৈরি হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, সোমবার সকালে অপরিশোধিত বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে আসে। একই সঙ্গে মার্কিন জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১ শতাংশের বেশি হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৮৬ দশমিক ১৪ ডলারে লেনদেন হয়।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট তেহরানের জন্য একটি অর্থনৈতিক ‘ডি-ডে’ ঘনিয়ে আসার ইঙ্গিত দিয়ে আজ বিকেলেই নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিতে সংবাদ সম্মেলন ডেকেছেন। এই নিষেধাজ্ঞার পরিধি ও বৈশ্বিক প্রভাব নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণেই বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের মুখে তেলের বাজারে এই দরপতন ঘটল।