মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ ঘোষণা করা হবে। সোমবার (২৪ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেবেন।
এর আগে গত ২০ আগস্ট উভয় পক্ষের শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ এজাজ কবির ও ইমাম হোসেন তারেক। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন নুসরাতের মা। ওই মামলায় অধ্যক্ষ গ্রেপ্তার হওয়ার পর ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় অধ্যক্ষের অনুসারীরা। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল নুসরাত মারা যান।
পরবর্তীতে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বরখাস্তকৃত অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ মোট ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। একই বছরের ২৯ অক্টোবর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি (ডেথ রেফারেন্স) হাইকোর্টে আসে এবং আসামিরাও রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেন।