বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, “ডিসেম্বরে দলটির ফেরার গুঞ্জন কেবল সোশ্যাল মিডিয়া ও ভারতে সীমাবদ্ধ। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে গণহত্যাকারী ও সাজাপ্রাপ্ত আসামিদের ফেরার কোনো অবকাশ নেই।”
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের তীব্র সমালোচনা করে সারজিস আলম বলেন, সংশ্লিষ্ট মন্ত্রীরা যদি সংকট নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করেন, তবে তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এই ব্যর্থতার দায় কোনোভাবেই এড়াতে পারেন না; অযোগ্য মন্ত্রীদের দায়িত্বে রেখে ব্যর্থতার নাটক দেখার দায় সরকারপ্রধানেরই।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ মন্ত্রণালয়ের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি মন্তব্য করেন, স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে প্রধানমন্ত্রীর ‘প্রক্সি’ হিসেবে কাজ করতে গিয়ে নিজের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে অবহেলা করছেন।
এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আশরাফ উদ্দিন মাহদি এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদার প্রমুখ।