মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কমে যাওয়ার কারণেই এই দরপতন বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩০৮ দশমিক ২৪ ডলারে নেমে আসে। একই সময়ে ডিসেম্বর সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৪৮ দশমিক ৫০ ডলারে। আর্থিক বিশ্লেষকদের মতে, ফেডের আসন্ন নীতি নির্ধারণী বৈঠকে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা প্রায় ৮৯ শতাংশ।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের পাশাপাশি কমেছে অন্যান্য মূল্যবান ধাতুর দামও। রুপার দাম ১.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ২২ ডলার, প্ল্যাটিনামের দাম ১.৪ শতাংশ কমে ১ হাজার ৭৭০ দশমিক ৮২ ডলার এবং প্যালাডিয়ামের দাম কমে ১ হাজার ২৮০ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে স্বর্ণের দাম এখনো চড়া। বর্তমানে ভ্যাটসহ ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকায় বিক্রি হচ্ছে।