শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

অভিজিৎ দীপকেসহ মুক্তি পেলেন সিজেপির তিন নেতা

অভিজিৎ দীপকেসহ মুক্তি পেলেন সিজেপির তিন নেতা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ভারতের রাজধানী দিল্লিতে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা—প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তি দিয়েছেন আদালত। রোববার (১১ অক্টোবর) সকালে দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত আগামী এক বছর ‘শান্তিভঙ্গ’ হতে পারে এমন কোনো কর্মকাণ্ডে না জড়ানোর শর্তে তাঁদের জামিন মঞ্জুর করেন। এর আগে শনিবার সকালে বিমানযোগে দিল্লিতে পৌঁছানোর পরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি ভোট বাদ পড়া ও কারচুপির অভিযোগে দিল্লির যন্তর মন্তরে গণবিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। এই কর্মসূচি কেন্দ্র করে শনিবার দিল্লির যন্তর মন্তরসহ বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলে পুলিশ এবং তিন হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করে। তবে অধিকাংশকেই শনিবার রাতে ছেড়ে দেওয়া হয়, যাঁদের মধ্যে জনপ্রিয় সমালোচক ও ইউটিউবার ধ্রুব রাঠিও ছিলেন।

ব্যাপক ধরপাকড় সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সিজেপি নেতারা। সিইসির পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এদিকে, বিক্ষোভ দমাতে মেট্রো পরিষেবা ও ট্রেন চলাচল বন্ধ করার প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিশেষ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, এ আন্দোলনকে ‘বিদেশি শক্তির ইন্ধন’ বলে মন্তব্য করেছে ক্ষমতাসীন বিজেপি, তবে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন—গণতন্ত্রে মত প্রকাশের অধিকার সবার থাকলেও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com