শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পবিত্র মক্কা ও মদিনা ব্যতীত সৌদি আরবের যেকোনো বিমানবন্দর, আকাশসীমা ও স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর সরাসরি হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই কঠোর হুঁশিয়ারি দেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
ইয়াহিসা সারি তাঁর বার্তায় সব ধরনের বিমান সংস্থা, শিপিং কোম্পানি, সাধারণ যাত্রী ও কর্মীদের সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার অনুরোধ জানান। তিনি বলেন, এসব এলাকা হুথি বাহিনীর সামরিক অভিযানের অঞ্চল ও সরাসরি লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত। তবে মক্কা ও মদিনার বিমানবন্দরগুলোকে সম্ভাব্য আক্রমণ থেকে মুক্ত রাখা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
উল্লেখ্য, গত শনিবার রাতে দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের চালানো প্রাণঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত ও অন্তত ৩ শতাধিক মানুষ আহত হন। ইরান সংঘাত শুরুর পর এটিই উপসাগরীয় অঞ্চলে সবচেয়ে বড় ও রক্তক্ষয়ী আক্রমণ। এ ঘটনার পর রোববার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের এই হামলাকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী এর কঠোর ও উপযুক্ত জবাব দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়েছে।