মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশজুড়ে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন রোগী।
রবিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২৭ জনে। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিদায়ী অক্টোবর মাসেই সবচেয়ে বেশি ১৭৪ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। বছরের শুরুর দিকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা গিয়েছিলেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরাবরের মতোই ঢাকা বিভাগে সংক্রমণের চাপ সবচেয়ে বেশি। একদিনে কেবল ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৮৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় ২৫৯ জন, চট্টগ্রামে ২৫৭ জন, বরিশালে ২২৯ জন, রাজশাহীতে ১৮৫ জন, ময়মনসিংহে ৯২ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন রোগী।
অক্টোবর মাসে রেকর্ডসংখ্যক আক্রান্ত ও মৃত্যুর পর নভেম্বরের প্রথম দিনেও সংক্রমণ এবং প্রাণহানির উচ্চগতি বজায় থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।