বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের বাসায় গিয়ে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন এবং পরে পুলিশের হস্তক্ষেপে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসনাত আবদুল্লাহ দুটি গাড়ি নিয়ে সাবেক মেয়রের বাসভবনে পৌঁছালে মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে। এরপরই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে বাড়ির মূল ফটক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা স্লোগান দিতে থাকেন এবং হাসনাত আবদুল্লাহর কাছে কৈফিয়ত চান—কেন তিনি ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে পরিচিত সাবেক এই আওয়ামী লীগ নেতার সঙ্গে বৈঠক করতে এসেছেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। পরে হাসনাত আবদুল্লাহ বিক্ষোভকারীদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলে পুলিশের উপস্থিতিতেই এলাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, এম মনজুর আলমের রাজনৈতিক জীবন ছিল বৈচিত্র্যময়। আওয়ামী লীগের দীর্ঘদিনের এই নেতা ২০১০ সালে বিএনপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। তবে ২০১৫ সালে ভোট বর্জন করে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেও পরবর্তীতে তাকে আওয়ামী লীগের কর্মসূচিতে সক্রিয় দেখা যায়। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আবারও নতুন রাজনৈতিক সমীকরণে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।