শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও লাস্যময়ী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয় আর সৌন্দর্য দিয়ে দীর্ঘ সময় ধরে দর্শকদের বুঁদ করে রাখা এই তারকাকে অনেকেই ‘জাতীয় ক্রাশ’ বলে থাকেন। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে তিন প্রজন্মের (দাদা, বাবা ও ছেলে) ক্রাশ হওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।
অনুষ্ঠানে সঞ্চালক পূর্ণিমার কাছে জানতে চান, ‘দাদার ক্রাশ, বাবার ক্রাশ এবং ছেলের ক্রাশ’—একটানা এমন মন্তব্য শুনতে কেমন লাগে? জবাবে পূর্ণিমা হেসে বলেন, “দর্শকরা কেন জানি মনে করেন আমি অনেক বয়স্ক। তবে আমি এই মন্তব্যগুলো দারুণ উপভোগ করি, আমার খুব ভালো লাগে।”
দীর্ঘদিন ধরে রূপালি পর্দা থেকে দূরে থাকায় চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন রয়েছে—পূর্ণিমা দেশ ছেড়েছেন এবং তার ‘ভাব’ একটু বেশি। এই অভিযোগের জবাবে পূর্ণিমা বলেন, “আমি সোশ্যাল মিডিয়ায় যেসব ছবি শেয়ার করি, তার বেশিরভাগই বিদেশে ঘুরতে যাওয়ার। তা দেখে অনেকে ভাবেন আমি স্থায়ীভাবে বিদেশে চলে গেছি, যা সম্পূর্ণ ভুল ধারণা। আমি অবশ্যই ভালো কাজ করতে চাই।” নিজের ব্যক্তিত্ব নিয়ে তিনি স্পষ্ট জানান, তার কথা বলার ধরণকে অনেকে ‘ভাব’ মনে করলেও আসলে এটাই তার স্বাভাবিক ব্যক্তিত্ব।
উল্লেখ্য, ১৯৯৭ সালে নবম শ্রেণিতে পড়া অবস্থায় জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে পূর্ণিমার অভিষেক ঘটে। এরপর তিনি ‘মনের মাঝে তুমি’, ‘মেঘের পরে মেঘ’, ‘শাস্তি’ ও ‘হৃদয়ের কথা’র মতো অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়ে ঢাকাই সিনেমাতে নিজের স্থায়ী আসন তৈরি করেন।