রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০২

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০২

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে ৭৯৮ শিশুর শরীরে। এ নিয়ে গত পাঁচ মাসে (১৫ মার্চ থেকে ১৫ আগস্ট) সারা দেশে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯০২ জনে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় ৭০ শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে এবং ৭২৮ জনের মধ্যে বিভিন্ন উপসর্গ দেখা গেছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০০ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৪৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত পাঁচ মাসে মোট ১ লাখ ৪১ হাজার ৭৭৬ শিশুকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে ১৭ হাজার ৮০০ জনের দেহে সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ সময়ে মোট আক্রান্তদের মধ্যে ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৯ জন। মৃত ৯০২ শিশুর মধ্যে ৯৯ জনের হাম নিশ্চিত ছিল এবং বাকি ৮০৩ জন মারা গেছে উপসর্গ নিয়ে।

পরিস্থিতি মোকাবিলায় শিশুদের সময়মতো হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com