শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন রোগী, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির নতুন রেকর্ড। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০৩ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ (৯৯ হাজার ২৭৫ জন)। রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কেবল অক্টোবর মাসের প্রথম ১০ দিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫৮ জন, যেখানে গত সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১ হাজার ৩০ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া খুলনায় ৩০৪, চট্টগ্রামে ২৯৩ ও বরিশালে ২৩৬ জন ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৯৬ জন। প্রতিদিন সংক্রামিত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় দেশের সার্বিক ডেঙ্গু পরিস্থিতি চরম উদ্বেগজনক রূপ নিয়েছে।