শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মাজ সাদাকাতের বিধ্বংসী ৯৬ রান আর সাহিবজাদা ফারহানের ঝড়ো অর্ধশতকে শ্রীলংকাকে ৮২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। রাওয়ালপিন্ডির ব্যাটিংসহায়ক উইকেটে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে ৭ উইকেটে ১৩৩ রানেই থমকে যায় শ্রীলংকা।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ ১২ ওভারে ১৫৬ রান তুলে লঙ্কান বোলারদের ওপর তাণ্ডব চালান সাদাকাত ও ফারহান। ফারহান ৪৪ বলে ৭৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন, যা তাঁর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের ১২তম অর্ধশতক। অন্যদিকে তরুণ ব্যাটার মাজ সাদাকাত ৫১ বলে ৬টি ছক্কা ও ৫টি চারে ৯৬ রানের তাণ্ডুবে ইনিংস উপহার দেন। যদিও ইনিংসের শেষ বলে আউট হয়ে মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। দ্বিতীয় উইকেটে এই দুজনের ৭৩ রানের জুটি এবং পরবর্তীতে হাসান নেওয়াজের সঙ্গে সাদাকাতের ৭২ রানের জুটিতে পাহাড়সম রান পায় পাকিস্তান।
২১৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলংকা। পাকিস্তানের পেসার মোহাম্মদ ইমরান ও সালমান মির্জার নিয়ন্ত্রিত বোলিংয়ে একাদশ ওভারের মধ্যেই ৬৪ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা। বিশেষ করে ইমরান ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে শ্রীলংকার ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। লঙ্কানদের পক্ষে কোনো ব্যাটারই ৩০ রানের কোটা পার করতে পারেননি। শেষ পর্যন্ত ৮২ রানের বড় জয় নিয়ে সিরিজ জয়ের উদযাপনে মেতে ওঠে পাকিস্তান।